ভারতে জনপ্রিয় নারী ইউটিউবারসহ গ্রেফতার ৬ সন্দেহভাজন

তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করতো এবং গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের ওপার থেকে পেত মোটা টাকা।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় পতাকা
ভারতীয় পতাকা |সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে ছয় ভারতীয়ের বিরুদ্ধে! অপারেশন সিঁদুরের পর গোয়েন্দা বিভাগের তৎপরতায় চিহ্নিত হয় তারা। এরপর এ অভিযোগে হরিয়ানার এক জনপ্রিয় নারী ইউটিউবারসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করতো এবং গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের ওপার থেকে পেত মোটা টাকা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার এক নারী ইউটিউব ব্লগার। সোশাল মিডিয়ায় ভ্রমণসংক্রান্ত কনটেন্ট তৈরি করেন। নিউ দিল্লিতে পাক হাই কমিশনের এক সদস্য এহসান উর রহিম ওরফে দানিসের সাথে ঘনিষ্ঠতা ছিল তার। দানিসের উদ্যোগে ২০২৩ সালে ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন এই নারী। গত মঙ্গলবার এই দানিসকে ‘অযাচিত’ বলে ভারত ছাড়া করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, শুধু দানিস নয়, ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) বা গুপ্তচর বিভাগের সাথে যুক্ত আরো একাধিকজনের সাথে যোগাযোগ রয়েছে জ্যোতির।

জ্যোতি ছাড়াও পাঞ্জাবের বাসিন্দা গুজালা নামে ৩২ বছরের এক নারীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়েছিল এই যুবক। গুজালাকে পাকিস্তানে যাওয়ার ভিসা পাইয়ে দিয়েছিল এই দানিসই। এই গুজালার সাথে দানিসের ঘনিষ্ঠতা বিয়ের প্রতিশ্রুতিতে পৌঁছয়। সেই মতো দফায় দফায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পাঠানো হয় গুজালাকে। পাকিস্তান থেকে ফিরে আসার পর গত ২৩ এপ্রিল গুজালা তার বন্ধু বানু নাসরিনা ও আর এক নারীকে নিয়ে পাক হাই কমিশনে আসেন। দানিস তাদেরও পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দেন।

এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈথালের দেবিন্দর সিং ধিলন, ইনি এক শিখ ছাত্রনেতা ও হরিয়ানার নুহের আরমান। এদের প্রত্যেকের বিরুদ্ধে পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন