এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ২৮ ঘণ্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ২৮ ঘণ্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।’

তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে নাকি দুটি, তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি।

প্লেনে সাধারণত দুটি ব্ল্যাক বক্স থাকে।

এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার। একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে, যাতে তদন্তকারীরা পাইলটরা কী বলছেন তা শুনতে পারেন। রেকর্ড হওয়া যেকোনো অস্বাভাবিক শব্দও শুনতে পারেন।

অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে।

সূত্র : বিবিসি