ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনরুজ্জীবনের লক্ষ্যে পাকিস্তান ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ আলোচনার ইতিবাচক ধারা এ অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (২৫ আগস্ট) জানিয়েছে, ইরান সফরকালে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান অসীম মুনির। একদিনের ওই সফর শেষে এসব কথা জানান পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহসিন নাকভি বলেন, 'আমরা অত্যন্ত আশাবাদী যে এই অগ্রগতির ধারা আগামীতে আরও সফলতা এনে দেবে এবং পুরো অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করবে।'
তিনি আরও জানান, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ও তা নিরসনে আগামী দিনের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' পুনরুজ্জীবনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংঘাতের একটি বিস্তৃত ও সার্বিক নিষ্পত্তির বিষয়ে দুই দেশ গুরুত্বারোপ করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আলোচনার টেবিলে উঠে আসা বিষয়গুলোর ওপর দুই পক্ষ অত্যন্ত "গঠনমূলক মতবিনিময়" করেছে।



