ভারতের স্বাধীনতা দিবসে জম্মু-কাশ্মিরে ছাত্রীদের দিয়ে নাচ-গান করানোর কঠোর সমালোচনা করেছেন ‘দঙ্গলকন্যা’ খ্যাত সাবেক অভিনেত্রী জাইরা ওয়াসিম। ওয়াকফ বোর্ড পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি এ নিয়ে প্রশ্ন তোলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকজন ছাত্রী গানের সাথে নৃত্য পরিবেশন করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে এক্সে দেয়া পোস্টে জাইরা ওয়াসিম বলেন, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মুসলিম সমাজের সেবা ও ইসলামী মূল্যবোধ রক্ষার দায়িত্ব পালন করে। তাই এমন প্রতিষ্ঠানের ব্যানারে এ ধরনের আয়োজন কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন।
তিনি বলেন, শিশুদের—বিশেষ করে মেয়েদের—জনসম্মুখের অনুষ্ঠানে সম্পৃক্ত করার ‘ডিফল্ট পদ্ধতি’ কেন নাচ-গান হবে? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিশুদের চিন্তা, সৃজনশীলতা, জ্ঞানচর্চা, আলোচনা ও গঠনমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া।
তবে জাইরা স্পষ্ট করে বলেন, তার সমালোচনার লক্ষ্য শিশুরা নয়। কারণ, শিশুরা সাধারণত প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। মূল প্রশ্ন হলো, কোনো প্রতিষ্ঠান কী ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে এবং নিজের ব্যানারে স্থান দিচ্ছে।
কাশ্মিরের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চল জ্ঞান, চরিত্র গঠন ও আধ্যাত্মিকতার সমন্বয়ে সমৃদ্ধ একটি শিক্ষাধারার জন্য পরিচিত। সে ঐতিহ্য রক্ষা ও বিকাশে ধর্মীয় প্রতিষ্ঠানের আরো দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত।
উল্লেখ্য, ২০১৯ সালে ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে হওয়ায় চলচ্চিত্র জগত ছাড়ার ঘোষণা দেন জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।



