ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ছয় নবজাতক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে রাজ্যের অমরাবতী জেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালটির তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হওয়ার পর ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগে। ঘটনার সময় অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।
গুরুতরভাবে দগ্ধ এবং ধোঁয়ায় শ্বাস নেয়ার কারণে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত নবজাতকদের পাশের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগুন লাগার পরপরই ডাক্তার, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা শিশুদের সরিয়ে নিতে শুরু করেন। উদ্ধার অভিযান শুরু হওয়ার সাথে সাথে চিকিৎসা সরঞ্জামগুলো সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং চিকিৎসাধীন কয়েক ডজন শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
সূত্র : এনডিটিভি



