সব দাবি না মানলে আন্দোলন চলবে : ককরোচ পার্টি

ভারতে শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের মুখে বাধ্য হয়ে আজ শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে সব দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে আন্দোলনরত শিক্ষার্থীরা
ভারতে আন্দোলনরত শিক্ষার্থীরা |সংগৃহীত

ভারতে নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের মুখে বাধ্য হয়ে আজ শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে সব দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা।

দেশটির কেন্দ্রীয় সরকারের সাথে তৃতীয় দফার বৈঠকে তারা যোগ দেবেন বলেও জানিয়েছেন।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘আমাদের দুপুর সাড়ে ৩টায় ডাকা হয়েছে। যতক্ষণ না আমাদের সব দাবি মেনে নেয়া হচ্ছে এবং আমাদের লিখিতভাবে পুরোটা দেয়া হচ্ছে, ততক্ষণ আমরা কোথাও যাচ্ছি না। এটা বিশাল জয়।’

ধর্মেন্দ্রর পদত্যাগই ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি। বাকি দাবিগুলো হলো- বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া।

এই দাবিগুলো আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সাথে বৈঠকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিজেপির প্রতিনিধিরা।

এর আগে, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মেডিক্যাল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে ভারতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি