পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের দাদু জেলায় ঈদুল আজহার দিন ৫১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (পিএমডি) তথ্য অনুযায়ী, এটি পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
বৃহস্পতিবার (২৮ মে) দাদু জেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিন সিন্ধের লারকানা ও জ্যাকোবাবাদ জেলায় ৫০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এর আগে গত সপ্তাহে পিএমডি পূর্বাভাস দিয়েছিল, ঈদুল আজহার সময় দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। সংস্থাটি জানিয়েছিল, মে মাসের স্বাভাবিক গড় তাপমাত্রার তুলনায় এবার ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকতে পারে।
তবে দাদু জেলায় ৫১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হওয়ার পর আবহাওয়া কর্মকর্তারা জানান, বাস্তব তাপমাত্রা তাদের পূর্বাভাসের চেয়েও প্রায় ৪ দশমিক ৫ ডিগ্রি বেশি হয়েছে।
পিএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সিন্ধ, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। মূলত শুষ্ক ও অতিরিক্ত উষ্ণ আবহাওয়ার কারণেই এ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।
তবে দেশটির সব অঞ্চলে একই পরিস্থিতি বিরাজ করছে না। আজাদ কাশ্মির, গিলগিট-বাল্টিস্তান ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আগামী কয়েক দিনে এসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে পিএমডি।
সূত্র: ডন



