ইরান যুদ্ধ

পাকিস্তান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার (২৮ জুন) ফোনে জরুরি আলোচনা করেছেন পাকিস্তান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা
পাকিস্তান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার (২৮ জুন) ফোনে জরুরি আলোচনা করেছেন পাকিস্তান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমঝোতা চুক্তি সই হওয়ার পর নতুন করে এই সঙ্ঘাত শুরু হলো, যা ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

গত শনিবার ভোরে মার্কিন বিমান হামলার জেরে তীব্র ক্ষোভে ফেটে পড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপরই ইরানের ছোঁড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করে বাহরাইন।

এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির মধ্যে এই ফোনালাপ হয়।

রোববার বাহরাইন দাবি করে, তাদের আকাশসীমায় কয়েকটি ইরানি মিসাইল ও ড্রোন সফলভাবে ধ্বংস করেছে তারা।

কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের এই দূরপাল্লার হামলার পরপরই দুই দেশের শীর্ষ কূটনীতিকরা নিজেদের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ বন্ধে পাকিস্তান শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামের এই ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সফল করায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাকিস্তানকে অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। পাকিস্তানের এই বিশাল কূটনৈতিক প্রচেষ্টার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে খুব শিগগিরই ইসলামাবাদ সফর করবেন বলেও জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সবসময় সংলাপ ও কূটনৈতিক আলোচনার পথকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি