উত্তর আফগানিস্তানে মঙ্গলবার একটি কয়লা খনি ধসে কমপক্ষে ছয়জন খনি শ্রমিক নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাবুল থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উত্তর আফগানিস্তানের বাগলান অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটেছে। এখানে গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরেকটি কয়লা খনি ধসে কমপক্ষে ১০ জন খনি শ্রমিক মারা গিয়েছিলেন।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের প্রধান সৈয়দ মুস্তাফা হাশিমি এএফপিকে বলেছেন, খনির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগানিস্তানে কয়লা ছাড়াও মার্বেল, খনিজ, সোনা, লিথিয়াম ও মূল্যবান পাথর খনি রয়েছে। দেশটিতে খনিজ সম্পদের ওপর খুব কম তদারকি থাকায় খনিগুলোতে প্রায়শই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খনি শ্রমিকরা প্রায়শই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে উত্তরাঞ্চলের আরেকটি প্রদেশ সামাঙ্গানে একটি ধসে পড়া কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। তবে কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়েছিল।
সূত্র : বাসস



