পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে ইরানপন্থী বিক্ষোভে গুলিতে অন্তত ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনির নিহতে ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ
আয়াতুল্লাহ আলি খামেনির নিহতে ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতে ঘটনায় বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। দেশটির করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভে বন্দুকধারীদের গুলিতে নয়জন নিহত হয়েছেন।

করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ বলেছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর নয়টি লাশ শহরের সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

তবে পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি। আগে নিহতের সংখ্যা ছয়জন বলে জানা গিয়েছিল।

করাচির ত্রাণ ও উদ্ধার সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন আটজন নিহতের কথা নিশ্চত করে বলেন, ‘করাচিতে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।’

এতে আরো ২০ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

কয়েকটি প্রতিবেদনে এমন ইঙ্গিত দেয়া হয়েছে যে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ওপর গুলি চালায় এবং পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পাকিস্তানের লাহোর ও স্কার্দু শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কূটনৈতিক প্রাঙ্গনের কাছে বিকেলে একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা ও বিবিসি