‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জের

ভারত ছাড়তে হচ্ছে ব্রিটিশ পর্যটক দম্পতিকে

নয়া দিগন্ত অনলাইন
ভারতে ভ্রমণরত ব্রিটিশ দম্পতি
ভারতে ভ্রমণরত ব্রিটিশ দম্পতি |নয়া দিগন্ত

ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. ও তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুস্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন।

বিষয়টি গুরুতর হিসেবে বিবেচনা করে গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ফেব্রুয়ারিতে ইসরাইল সফরে যেতে পারেন। সফরটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা, বাণিজ্য ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইসরাইল কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার হতে পারে।