ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে হত্যাচেষ্টা

ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর ওপর জম্মুতে এক অনুষ্ঠানে হামলার চেষ্টা করা হয়েছে। তবে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করায় তিনি অল্পের জন্য রক্ষা পান।

নয়া দিগন্ত অনলাইন
ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ
ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ |ফাইল ছবি

ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং অল্পের জন্য তিনি বেঁচে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী তথা ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ।

বুধবার ওই ঘটনার সময় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও সাবেক মুখ্যমন্ত্রী আবদুল্লাহর সাথে ছিলেন। ঘটনাটি জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে।

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহর দিকে এগিয়ে আসছেন। তারপরেই ফারুক আবদুল্লাহর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

রাজ্য পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি জম্মুর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি গত ২০ বছর ধরে আবদুল্লাহকে ‘হত্যার চেষ্টা করছিলেন’। তবে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

জেড-প্লাস এবং এনএসজির নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকা সত্ত্বেও একজন আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে সাবেক মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকের ছেলে ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

সূত্র : বাসস