মমতা ব্যানার্জীর গাড়িতে পাথর নিক্ষেপ, প্রাণঘাতী হামলার দাবি সাবেক মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর, বেশ কয়েকজন তৃণমূল নেতা আক্রমণের শিকার হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মমতা ব্যানার্জী এটিকে তার ওপর প্রাণঘাতী হামলা বলে দাবি করেছেন
মমতা ব্যানার্জী এটিকে তার ওপর প্রাণঘাতী হামলা বলে দাবি করেছেন |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন, উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল কর্মী পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে ব্যারাকপুরে তার ওপর হামলা চালানো হয়েছে।

মমতা ব্যানার্জী বলেন, পুলিশের সামনেই দুষ্কৃতিরা আমার গাড়িতে বড় বড় পাথর ছুড়েছে। গাড়ির ওপর হামলা এতটাই ভয়াবহ ছিল যে, কাঁচ খোলা থাকলে আমার মাথা ফেটে যেত।

রোববার এই হামলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন লোক একটি যানবাহনে আঘাত করছে, সেটিতে কাদা ছুড়ছে এবং পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে।

ভিডিওটিতে দেখা যায়, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চালকের পাশের আসনে বসে আছেন।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং জঙ্গলরাজ প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘কোনো সাবেক মুখ্যমন্ত্রীর দিকে কাদা বা চটি ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এতে কোনো বিজেপি কর্মী জড়িত ছিল না।’

পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর, বেশ কয়েকজন তৃণমূল নেতা আক্রমণের শিকার হয়েছেন।

তৃণমূল কংগ্রেস এসব হামলায় বিজেপি কর্মী ও নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলেছে। তবে বিজেপি এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে দাবি করেছে যে, এটি ছিল সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।

সূত্র : বিবিসি