ট্রাম্পের গাজা পরিকল্পনা সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দেয়া এবং বোর্ড অব পিসে যোগদানের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে শাহবাজ ও ইসহাক দার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে শাহবাজ ও ইসহাক দার। |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দেয়া এবং বোর্ড অব পিসে যোগদানের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে একটি ছবি শেয়ার করেছেন।

রুবিও পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি ‘গাজার শান্তি পরিকল্পনার প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থন এবং বোর্ড অব পিসে যোগদানের জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেহবাজের সাথে দেখা করেছেন।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ খনিজ উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে আমাদের কৌশলগত সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।’

জবাবে ইসহাক দার পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ফলপ্রসূ আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় এবং শান্তি, সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টায় সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে অনুষ্ঠিত অর্থপূর্ণ আলোচনার প্রশংসা করে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ ও অন্য বিশ্বনেতারা ওয়াশিংটনে ট্রাম্প-নেতৃত্বাধীন বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে অংশ নেন।

সূত্র: জিও নিউজ