ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারী দল।
রোববার (১০ মে) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়। দু’টি বাইকে করে এসে দুষ্কৃতকারীরা চন্দ্রনাথ ও তার গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়। তার গাড়ির চালক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দ্রনাথ হত্যার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠিত হয়েছে, এতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) সদস্যরাও আছেন।
প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতকারীরা যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। পরে বালি টোলপ্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। সেই সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ শুরু হয় বলে জানায় সূত্রটি।
পুলিশ সূত্রে জানা গেছে, কমপক্ষে এক থেকে দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: আনন্দবাজার



