গাজায় ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেছে জাতিসঙ্ঘের খাদ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
সম্প্রতি প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে এমন আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত গাজায় ৫ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩০ হাজার শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে। এই সংখ্যাটি সংস্থাটির মে মাসে করা অনুমানের চেয়ে দ্বিগুণ বেশি। এর মধ্যে ৪১ হাজারেরও বেশি শিশু গুরুতর মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
এ সময় গাজার অধিকাংশ মানুষের খাদ্য পুষ্টি ও গুণের দিক থেকে খুবই নিম্নমানের বলেও উল্লেখ করেছে জাতিসঙ্ঘের সংস্থাটি। এছাড়া ইসরাইলি বাধার কারণে গাজায় পুষ্টিকর খাবার বা চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে পারছে না। ফলে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্রমেই বন্ধ করতে বাধ্য হচ্ছে।
সংস্থাটি আরো জানিয়েছে, গাজায় এখনো ৫৫ হাজার ৫০০ অপুষ্টিতে ভোগা গর্ভবতী এবং স্তন্যদানকারী নারী রয়েছে। তাদের পুষ্টি সহায়তার খুবই প্রয়োজন।
সূত্র : আল জাজিরা



