পাকিস্তানে বিস্ফোরণে মালবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২৭

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রোববার (২৪ মে) বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে বিস্ফোরণে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
পাকিস্তানে বিস্ফোরণে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। |সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রোববার (২৪ মে) বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২৪ নিউজের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেললাইনে এ বিস্ফোরণটি ঘটে। শহরের ক্যান্টনমেন্ট এলাকার দিকে যাওয়া ট্রেনটিকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির খবরও পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ শহরের বেশ কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রাদেশিক স্বরাষ্ট্র দফতরের বিশেষ সহকারী বাবর ইউসুফজাই সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত করার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ পথ বেলুচিস্তান। এ এলাকায় দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আগ্রাসন চলছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি