গোটা ভারতজুড়ে চলা অমানবিক ও বেআইনি উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী হিন্দ (জেআইএইচ)।
মঙ্গলবার (১৬ জুন) নয়াদিল্লিতে সংগঠনটির সদর দফতরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেআইএইচ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা ভারতের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা।
এ ছাড়া রাজ্যসভা নির্বাচনের স্বচ্ছতা এবং পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও তারা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে জেআইএইচ’র সহ-সভাপতি মালিক মোতাসিম খান উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বলেন, সঠিক আইনি প্রক্রিয়া এবং পুনর্বাসনের কোনো পরিকল্পনা ছাড়াই এই উচ্ছেদ চলছে। এই ধরনের পদক্ষেপ চরম অমানবিক। এটি মানুষের মৌলিক অধিকার এবং মর্যাদার সরাসরি লঙ্ঘন।
তিনি আরো বলেন, গত কয়েক সপ্তাহে দিল্লি, কলকাতা, বান্দ্রা, ফরিদাবাদ, বীরমগাম, গোরেগাঁও, বারাণসী, সম্বল, জয়পুর, ভাইন্দার, পিসিএমসি এবং ইটাওয়াতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পিম্পরি চিঞ্চওয়াড়ে গভীর রাতে অভিযান চালিয়ে বেশকিছু ধর্মীয় কাঠামো ভেঙে দেয়া হয়। সুরাটের নাসির নগরে মাত্র তিন দিনে ১০৬টি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। জয়পুরে রাস্তা চওড়া করার নামে ভেঙে ফেলা হয়েছে নূরানি মসজিদ।
তিনি বলেন, বহু পরিবার আজ মাথার ছাদ হারিয়েছে। এই প্রবল গ্রীষ্মে উচ্ছেদ হওয়া মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আসন্ন বর্ষায় তাদের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। সুপ্রিম কোর্টও স্পষ্টভাবে জানিয়েছে যে, সঠিক পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। তাই অবিলম্বে এই অভিযান বন্ধ করে নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার দাবি জানাচ্ছি।



