শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার।
বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টির সাথে পরিচিত এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ আগামী ৯ সেপ্টেম্বর শুরু হলেও রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য সফরের কারণ নিউইয়র্কে জাতিসঙ্ঘের সভায় যোগদান করা হলেও, এর মূল উদ্দেশ্য ট্রাম্পের সাথে আলোচনা করা এবং দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণ হয়ে ওঠা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা।
সম্প্রতি রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার জন্য ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে রফতানি করা ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে। যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ট্রাম্পের ঘোষণার কয়েকদিন পরই মোদির সম্ভাব্য মার্কিন সফরের খবর এলো।
এদিকে মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ড ও ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ওয়াশিংটনের সাথে আলোচনায় নয়াদিল্লি কিছুটা অনীহা দেখাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, অক্টোবরের শেষ নাগাদ এসব চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে।



