পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার শান্তিপূর্ণ ভোট গ্রহণের ধারা বজায় থাকল না দ্বিতীয় দফায়। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ১৮৬ নম্বর বুথে জড়ো হওয়া জনতার ওপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ভোট চুরির অভিযোগ নিয়ে ওই বুথে জড়ো হয়েছিলেন স্থানীয়রা।
ওই অঞ্চলের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা অভিযোগ করেন, কয়েকটি ইভিএমে বিজেপির চিহ্নে ব্ল্যাক টেপ লাগিয়ে দেয়া হয়েছিল। যদিও এই দাবির সত্যতা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে, এই খবর ছড়িয়ে পড়তেই বহু জনতা বুথের সামনে জমায়েত হন। পরে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ।
অন্যদিকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করছিলেন তৃণমূল প্রার্থী।
নওশাদ সিদ্দিকীকে ঘিরে স্লোগানও তোলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তবে নওশাদ সিদ্দিকী নিজেই জানান, কেন্দ্রীয় বাহিনী অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নিয়েছে।
সূত্র : বিবিসি



