নিজেকে ‘ভগবান’ দাবি করে নারীকে যৌন নির্যাতন, গ্রেফতার ভারতীয় ধর্মগুরু

সম্প্রতি আর এক স্বঘোষিত ধর্মগুরুর গ্রেফতারের পর সাহস সঞ্চয় করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই নারী। ঘটনায় আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ধর্মগুরু ঋষিকেশ বৈদ্য
ধর্মগুরু ঋষিকেশ বৈদ্য |সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। নিজেকে ‘ভগবান শিবের অবতার’ দাবি করে এক নারীকে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত এক ধর্মগুরুকে।

শুক্রবার (২৭ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, ওই ধর্মগুরুর নাম ঋষিকেশ বৈদ্য। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাথে পরিচিত হন পুনের এক নারী। ওই নারীর কাছে নিজেকে ‘মহাদেবের অবতার’ এবং ওই নারীকে তার ‘পার্বতী’ বলে বিশ্বাস করিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন।

ওই নারীর অভিযোগ, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অভিযুক্ত ধর্মগুরু পুনেতে গিয়ে তার সাথে দেখা করেন। এরপর তাকে মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে গিয়ে মাদকজাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়।

শুধু তাই নয়, সেই সময় আপত্তিকর ছবি তুলে রেখে পরে তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হতো বলেও অভিযোগ করেন ওই নারী। এ ছাড়াও, ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারো যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন নির্যাতিতা।

তিনি আরো দাবি করেছেন, একই কৌশলে একাধিক নারীকে ফাঁদে ফেলে নির্যাতন করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। যেহেতু মূল অপরাধটি পুনেতে সংঘটিত হয়েছে, তাই মানিকপুর থানায় একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে মামলাটি পরবর্তী তদন্তের জন্য হাদাপসার থানায় পাঠানো হয়েছে।

সম্প্রতি আর এক স্বঘোষিত ধর্মগুরুর গ্রেফতারের পর সাহস সঞ্চয় করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই নারী। ঘটনায় আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।