ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৬৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ। এমন পরিস্থিতিতে আগামী সোমবার পর্যন্ত হিমাচল প্রদেশের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেন, ‘আমাদের সিস্টেমে ইতোমধ্যে ৪০০ কোটির ক্ষয়ক্ষতির হিসাব উঠেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরো বেশি। আমরা এখন জীবন রক্ষায়, উদ্ধারকাজে ও পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পেতে সময় লাগবে।’
ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মান্ডি জেলায়। সেখানে ১৭ জন মারা গেছেন ও কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়াও কাংরায় ১৩ জন, চাম্বায় ছয়জন, শিমলায় পাঁচজন নিহত হয়েছেন। বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান ও উনা থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। পুরো প্রদেশে এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহত, শতাধিক বাড়ি ধ্বংস ও ১৪টি সেতু ভেসে গেছে।
চলমান দুর্যোগে প্রদেশজুড়ে ৫০০টিরও বেশি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ৫০০টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফরমার অকার্যকর হয়ে পড়েছে, যার কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাদ্য ও পানি সংকটও তৈরি হয়েছে, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।



