নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের আটজন সাংবাদিক দেশটির উদ্দেশে রওনা হয়েছেন।
আগামী ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’।
সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিয়াবুর রহমান। অন্য সদস্যরা হলেন
দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকাল-এর স্পেশাল করেসপন্ডেন্ট মো: জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাত-এর সিনিয়র করেসপন্ডেন্ট মো: আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলা-এর নির্বাহী সম্পাদক পান্না জামান এবং চ্যানেল এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম। এছাড়া সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মো: আবদুর রহমানও প্রতিনিধি দলে রয়েছেন।
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ)-এর আয়োজনে এবং সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) সার্বিক সহযোগিতায় বিশ্ব সংবাদকর্মীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।
চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে।
মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার পেশাগত সক্ষমতা বাড়ানো, সরকারি নীতিনির্ধারণে এর গুরুত্ব তুলে ধরা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।



