ভারতে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে চাপা বহু শ্রমিক, ব্যাপক হতাহতের শঙ্কা

ভারতের কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসে পড়ে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকাজে পুলিশ, দমকল ও বিশেষ উদ্ধারকারী দল কাজ করছে, আর হতাহতের সংখ্যা নিয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য না মিললেও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
তারাতলায় নির্মাণাধীন গুদামের ছাদ ধসে পড়েছে
তারাতলায় নির্মাণাধীন গুদামের ছাদ ধসে পড়েছে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ জুন) দুপুরে আকস্মিক এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে পড়ার পর বিশাল লোহার বিমের নিচে বহু শ্রমিক আটকে পড়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতি দেখে ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

তারাতলা এলাকায় একটি নতুন গুদাম তৈরির কাজ চলছিল। বুধবার দুপুরে নির্মাণকাজ চলাকালীন আচমকাই গুদামটির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। ছাদ ধসে পড়ার সাথে সাথেই পুরো এলাকা ধূলিসাৎ হয়ে যায় এবং কর্মরত শ্রমিকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ছুটে আসেন এবং প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং বিশেষ উদ্ধারকারী দল।

উদ্ধারকাজে গতি আনতে ঘটনাস্থলে ক্রেন এবং গ্যাস কাটার আনা হয়েছে। উদ্ধারকারী দল গ্যাস কাটার দিয়ে লোহার ভারী চাঁই ও বিম কেটে ভেতরে আটকে পড়া মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বেশ কয়েকজন শ্রমিকের আর্তনাদের শব্দ এখনো শোনা যাচ্ছে।

এদিকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে যাদেরই বের করা সম্ভব হচ্ছে, তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা না হলেও স্থানীয়দের আশঙ্কা, এই ভয়াবহ দুর্ঘটনায় অনেকের মৃত্যু হতে পারে। ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংহ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা