রাজ্যসভা থেকে পদত্যাগ তৃণমূলের কোয়েল মল্লিকেরও, বাকি থাকল ৯

রাজ্যসভায় একযোগে বিধানসভা বা লোকসভার মতো ভাঙন হচ্ছে না। কারণ সংসদের উচ্চকক্ষে একসাথে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ এমপি একজোট করাটা মুশকিল।

নয়া দিগন্ত অনলাইন
কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতনের পর কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শেষমেশ সে জল্পনাই সত্যি করে বৃহস্পতিবার (১১ জুন) পদত্যাগ করলেন তিনি।

সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদের উচ্চকক্ষ- রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার রাজ্যসভার সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এতে রাজ্যসভায় যে তৃণমূল কার্যত ধূলিস্যাৎ হওয়ার পথে, তা বলাই বাহুল্য।

কোয়েল মল্লিক পদত্যাগ করার ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯-এ। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরো ক’জন সংসদ সদস্য পদত্যাগ করতে পারেন।

রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলে অনাকাঙ্ক্ষিত ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল মমতা-অভিষেকের থেকে দূরত্ব তৈরি করেছে। সেই ব্লকে বিধায়কসংখ্যা এখন ৬৪ জন বলে দাবি। লোকসভাতেও একই ধাঁচে তৈরি হয়েছে নতুন তৃণমূল। সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে কেন্দ্রীয় ক্ষমতাসীন জোট- এনডিএ’তে যুক্ত হওয়ার চিঠি দিয়েছেন ২০ জনের মতো তৃণমূল এমপি।

একই ধাঁচে ভাঙন শুরু হয়েছে রাজ্যসভাতেও। যদিও এখানে ভাঙনের মডেল আলাদা। রাজ্যসভায় একযোগে বিধানসভা বা লোকসভার মতো ভাঙন হচ্ছে না। কারণ সংসদের উচ্চকক্ষে একসাথে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ এমপি একজোট করাটা মুশকিল। তাই বিকল্প পন্থা নিচ্ছেন বিদ্রোহী এমপিরা। একে একে পদত্যাগ করছেন তারা। রাজ্যসভায় প্রথম পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়। পরে বুধবার পদত্যাগ করেন সুস্মিতা দেব। এবার এমপি পদ ছাড়লেন প্রকাশচিক বরাইক ও কোয়েল মল্লিক।

সূত্র বলছে, চলতি সপ্তাহে আরো এক এবং আগামী সপ্তাহে আরো দু’তিনজন রাজ্যসভার এমপি পদত্যাগ করতে পারেন। রাজ্য বিধানসভার যা পরিস্থিতি, তাতে ওই রাজ্যসভা আসনগুলোতে উপনির্বাচন হলে তাতে জয়ী হবে বিজেপিই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল। পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার এমপি পদে শপথ নিতে যান অভিনেত্রী। সাথে ছিল তার পরিবার। শপথগ্রহণের পর তিনি বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’ তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়ালেন কোয়েলও।

সূত্র : সংবাদ প্রতিদিন