শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। এ উপলক্ষে এখানে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আঁটসাঁট নিরাপত্তায় মোড়া থাকছে গোটা শহর। সে কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
নোটিশে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সবজি, ওধুধ, দুধ, অক্সিজেন সরবরাহসহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে।
গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এ জে সি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেনে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ অন্যান্য মন্ত্রী শপথ নেবেন। কে বা কারা মন্ত্রী হচ্ছেন, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। তবে স্বাধীনতার পরে রাজ্যে প্রথম ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। স্বাভাবিকভাবেই, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সূত্র : এইসময়



