শুল্ক দ্বিগুণের পর ভারত থেকে পণ্য নেয়া স্থগিত করল অ্যামাজন-ওয়ালমার্ট

ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের কারণে ভারতীয় পণ্যের রফতানি খরচ ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে পণ্যের অর্ডার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ কমে যেতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের বস্ত্র ও পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রফতানির বাজার
ভারতের বস্ত্র ও পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রফতানির বাজার |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপসহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে তাদের অর্ডার স্থগিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) একাধিক সূত্র এনডিটিভি প্রফিটকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় রফতানিকারকরা এ বিষয়ে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পোশাক ও টেক্সটাইলের চালান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রফতানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে।

ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের কারণে ভারতীয় পণ্যের রফতানি খরচ ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে পণ্যের অর্ডার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ কমে যেতে পারে। ফলে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রফতানিকারকদের পণ্য বিক্রির ৪০ থেকে ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রভিত্তিক। ভারতের বস্ত্র ও পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রফতানির বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রফতানির ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।

এমন পরিস্থিতিতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রফতানিকারক ভারত এখন বাংলাদেশ ও ভিয়েতনামের কাছে অর্ডার হারানোর আশঙ্কা করছে। এই দুই দেশের ওপর বর্তমানে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।

সূত্র : এনডিটিভি