সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারত ও পাকিস্তান পরস্পরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে। শুক্রবার প্রতিবেশী দেশ দু’টির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (২৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) বিমান পরিচালকদের উদ্দেশে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ ভারতে নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান বা ভারতীয় বিমান সংস্থার ভাড়া নেয়া বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
এ নির্দেশনার অধীনে ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের পরিচালিত কোনো ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা ট্রানজিট করতে পারবে না। তবে অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
এদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একই রকম বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সামরিক বিমানসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া করা বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনার পর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।



