ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময়ে সরকারি কর্মীদের জন্য ২০% মহার্ঘ্যভাতা বৃদ্ধি, পুলিশ, শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে কর্মী নিয়োগ, প্রাথমিক স্তরের পড়ুয়াদের দুপুরের খাবার বা ‘মিড ডে মিলের’ বরাদ্দ বাড়ানোসহ একাধিক ঘোষণা দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
বর্তমানে ১৮ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পান রাজ্যের সরকারি কর্মীরা। সোমবারের ঘোষণার পর তা মোট বেড়ে ৩৮ শতাংশ দাঁড়িয়েছে। পহেলা অক্টোবর থেকে এই বর্ধিত পরিমাণ কার্যকর হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ্যভাতা নিয়ে নানা অভিযোগ ছিল।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই নিয়ে আন্দোলনও করেছিলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তারপর মহার্ঘ্যভাতা কিছুটা বাড়ানো হয়।
অন্যদিকে, গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তৃণমূল স্তরে যারা কাজ করেন সেই ‘আশা’ ও ‘অঙ্গনওয়াড়ি’ কর্মীদের বেতন পাঁচ হাজার টাকা বাড়ানোর কথাও ঘোষণা দেয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বেতন বাড়ানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন অনেক ‘আশা’ কর্মী। বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ঘটনার কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পাশাপাশি ‘মিড ডে মিলে’ প্রয়োজনীয় উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে। বেকার যুবক, বিধবা নারী ও প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে একগুচ্ছ ঘোষণা দেয়া হয়েছে।
এক লাখ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ করার কথাও ঘোষণা দেয়া হয়েছে।
পুলিশ, শিক্ষক ও শিক্ষাকর্মী, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের কথা বলা হয়েছে।
সূত্র : বিবিসি



