ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সামরিকবিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। ৩০ মে সেনা কর্মকর্তা জেনারেল অনিল চৌহানের মেয়াদ হওয়ার পর রাজা সুব্রামানি দায়িত্ব গ্রহণ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। তিনি গত বছরের ৩১ জুলাই ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ (ভিসিওএএস) হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
ভারতীয় সেনাবাহিনীতে তার ৩৯ বছরের কর্মজীবনে তিনি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি বিশিষ্ট সেবা পদক (পিভিএসএম), অতি বিশিষ্ট সেবা পদক (এভিএসএম), সেনা পদক (এসএম) ও বিশিষ্ট সেবা পদকে (ভিএসএম) ভূষিত হয়েছেন।
১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর তিনি গাড়োয়াল রাইফেলসের ৮ ব্যাটালিয়নে কমিশন লাভ করেন।
কেন্দ্রের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি অপারেশন রাইনোর অংশ হিসেবে আসামে বিদ্রোহ দমনে ১৬ গাড়োয়াল রাইফেলস, জম্মু ও কাশ্মিরে ১৬৮ পদাতিক ব্রিগেড এবং কেন্দ্রীয় সেক্টরে ১৭ মাউন্টেন ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে



