জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিনের আল্টিমেটাম দিলো ভারত

মেটা প্রধান মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিন দিনের আল্টিমেটাম জারি করেছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে নেয়ার ঘটনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্ক জাকারবার্গ ও নরেন্দ্র মোদি
মার্ক জাকারবার্গ ও নরেন্দ্র মোদি |সংগৃহীত

মেটা প্রধান মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিন দিনের আল্টিমেটাম জারি করেছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে নেয়ার ঘটনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বে পরিচালিত এই সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলার ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত’ বলে আখ্যা দিয়েছে।

কমিটির মতে, ১৪০ কোটি ভারতবাসীর নির্বাচিত প্রতিনিধিকে এভাবে নিশানা করা অত্যন্ত গুরুতর অপরাধ।

বিশেষ সূত্রে জানা গেছে, সংসদীয় প্যানেল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে মেটা যদি এই বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না নেয় এবং ক্ষমা না চায়, তবে ভারত সরকার ফেসবুকের ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করবে।

যদি এই ‘সেফ হারবার’ সুরক্ষা তুলে নেয়া হয়, তবে ভারতের আইন অনুযায়ী ফেসবুকের শীর্ষ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের ও ফৌজদারি মামলা করতে পারবে।

গত ২৩ জুলাই মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা ছাত্র-আন্দোলনের মধ্যেই ভিডিওটিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কিন্তু পোস্ট করার পরেই ফেসবুক এই ভিডিওটির ওপর বিধিনিষেধ জারি করে এবং তা সরিয়ে দেয়। পরে ক্ষোভের মুখে পড়ে মেটা ভিডিওটি পুনরায় ফিরিয়ে আনে।

এদিকে, ইতোমধ্যেই পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করেছে তেলেঙ্গনা পুলিশ। প্রতারণামূলক ভুয়া আর্থিক অ্যাপের প্রচার এবং তা হোস্টিংয়ের অভিযোগে উঠেছে গুগলের বিরুদ্ধে। অন্যদিকে, নরেন্দ্র মোদির একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় মেটার বিরুদ্ধে মামলা করেছে তেলেঙ্গনা পুলিশ।

সূত্র: দ্য ওয়াল