ভারতে ট্রাকের সাথে ধাক্কার পর বাসে আগুন, নিহত ৮

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক |সংগৃহীত

ভারতের রাজস্থানে ট্রাকের সাথে ধাক্কার পর একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) ভোরে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরে যাচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযানের শুরুতে ছয়টি লাশ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী এবং জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দৌসার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে