পাকিস্তানের ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, শিশুসহ নিহত ৩

পাকিস্তানের করাচিতে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে গিয়ে তিনজন নিহহ হয়েছেন। শহরজুড়ে আহত হয়েছেন আরো ৭৫ জন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পাকিস্তানের করাচিতে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করার সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি এবং আট বছরের একটি শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

এভাবে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে গিয়ে শহরজুড়ে আহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই মেয়েশিশু এবং কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, উদযাপনের সময় গুলিবর্ষণের কারণে করাচিজুড়ে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানায়, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

মোমিনাবাদ, লিয়াকতবাদ, পাপোশ নগর, সামানাবাদ, ওরাঙ্গি টাউন ও কেয়ামারিসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আটকদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে গিয়ে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। সেই সাথে তারা আরো নিরাপদ উপায়ে উদ্‌যাপনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

পাকিস্তানে প্রতি বছর উৎসবের সময় ফাঁকা গুলি চালানোর ফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটে। এর বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবরই সতর্ক করে এসেছে। ২০২৪ সালে একইভাবে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে গিয়ে করাচিতে কমপক্ষে ৯৫ জন আহত হয়েছিলেন। এর আগের বছর সংখ্যাটি ছিল ৮০।

সূত্র : জিও নিউজ