বিহার বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব এবার সাত দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২৪৩ আসনের মধ্যে মাত্র ১০ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজ্যের মোট জনসংখ্যার ১৭.৭ শতাংশ মুসলিম হলেও তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব এবার বড়ভাবে কমেছে। শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন, দুই পক্ষই আগের তুলনায় কম মুসলিম প্রার্থী দেয়। যারা প্রার্থী হয়েছিলেন, তাদের বেশির ভাগই পরাজিত হয়েছেন।
নির্বাচিত ১০ জনের মধ্যে পাঁচজনই আসাদউদ্দিন ওয়েইসির মিম দলের, যা এবার সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক দিয়েছে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ চারজন মুসলিমকে টিকিট দিয়েছিল। কিন্তু জয় পেয়েছেন কেবল মহম্মদ জামা খান। গতবার বিএসপি থেকে জিতলেও এবার জেডিইউ-তে যোগ দেন তিনি।
এনডিএ-র শরিক এলজেপির একমাত্র মুসলিম প্রার্থীও হেরেছেন। অন্যদিকে আরজেডি ও কংগ্রেসের দু’জন করে মুসলিম প্রার্থী জিতেছেন।
২০২০ সালের বিধানসভায় মুসলিম বিধায়ক সংখ্যা ছিল ১৯ এবং ২০১৫ সালে ছিল ২৪। সেই তুলনায় এবার মুসলিম প্রতিনিধিত্ব পাঁচ শতাংশেরও নিচে নেমে এসেছে, যা বিহারের রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র : পুবের কলম



