বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। রোববার (৯ নভেম্বর) ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত আয়নি বিমানঘাঁটি ভারতের একমাত্র বিদেশী পূর্ণাঙ্গ বিমানঘাঁটি। সেখান থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে।
অবশ্য প্রত্যাহারযজ্ঞ ২০২২ সালেই শুরু হয়েছিল। এ বছর ওই ধারাবাহিকতার অবসান ঘটলো। মূলত ২০২২ সালেই তাজিক সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তারা আর নতুন করে লিজ নবায়নে আগ্রহ দেখায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি ২০২২ সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আয়নি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি। এর মাধ্যমে মধ্য এশিয়ায় সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। এই ঘাঁটি থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির সুবিধা পেতো মোদির ভারত। ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



