জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ আসআদ মাদানি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আহ্বান জানিয়েছেন যে, তিনি যেন গভর্নর ও রাজ্যের জনগণের সামনে যেই শপথ গ্রহণ করেছেন, তা পূর্ণরূপে মেনে চলেন এবং কোনো প্রকার পার্থক্য করা ছাড়া সকল নাগরিকের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করেন।
রোববার (১০ মে) ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে মাওলানা মাদানি এই আহ্বান জানান। এ সময় একইসাথে ঈশ্বরকে সাক্ষী রেখে ‘আমি সংবিধান ও আইন অনুযায়ী, ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া, ভালোবাসা বা ঘৃণা ব্যতিরেকে সকল বর্ণ ও গোত্রের মানুষের প্রতি ন্যায়বিচার করব’ বলে যে প্রতিশ্রুতি (শপথ) শুভেন্দু অধিকারী দিয়েছেন, তাও যেন তিনি বাস্তবায়ন করেন, সেই আশাবাদ ব্যক্ত করেছে মাওলানা মাহমুদ মাদানি।
তিনি বলেন, ‘এই সাংবিধানিক শপথ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা কিংবা রেওয়াজ নয়: বরং এটি নিজের পদের প্রতি আইনী দায়িত্বের একটি প্রকাশ। এই শপথ ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন না এবং এই পদে থাকার কোনো নৈতিক ভিত্তিও তার থাকে না।’ নতুন মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাওলানা মাদানি এই কথা বলেন, যেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে, ‘আমি কেবল হিন্দুদের জন্যই কাজ করবো’।
মাওলানা মাহমুদ মাদানি বলেন, এই ধরনের বক্তব্য ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের পরিপন্থী। আর ক্ষমতা কোনো একটি ধর্মের কিংবা রাজনৈতিক গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়; বরং এটি সমগ্র জনগণের আস্থা, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং সকল শ্রেণী অন্তর্ভুক্ত।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগানের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, ধর্মীয় ভিত্তিতে বৈষম্যের কথা বলাটা কি তার এই স্লোগান ও দাবির পরিপন্থী নয়? আমরা আশা করি, প্রধানমন্ত্রী অবশ্যই এর উত্তর দেবেন।
তিনি বলেন, সরকার যদি সত্যিই ‘সবকা বিশ্বাস’ চায়, তাহলে তাকে তার কথাবার্তা ও কাজে সাংবিধানিক নিরপেক্ষতা, সমতা এবং ন্যায়বিচার প্রদর্শন করতে হবে।
প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। আর মাওলানা মাহমুদ মাদানি ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানির দৌহিত্র ও সাইয়্যেদ আসআদ মাদানির ছেলে।



