সামাজিক যোগাযোগমাধ্যমে খবর রটেছে যে, পাকিস্তানের জনপ্রিয় শিশু সোশ্যাল মিডিয়া স্টার আহমাদ শাহ মারা গেছেন। তবে বিষয়টি সঠিক নয়। বাস্তবে মারা গেছেন তার ছোট ভাই ওমর শাহ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আহমাদ শাহ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোট ভাইয়ের ইন্তেকালের খবর জানিয়ে লিখেছেন, ওমর শাহ ও আমাদের পরিবারের জন্য সকলের দোয়া কামনা করছি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর শাহ একেবারেই সুস্থ ছিলেন। তবে হঠাৎ করেই রাতে তার শরীর খারাপ হয়। বমি করার সময় খাবারের কিছু অংশ শ্বাসনালিতে ঢুকে যায়। দ্রুত তাকে স্থানীয় সিভিল হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওমর শাহ বড় ভাই আহমাদ শাহর সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন এবং তার সরল হাসি ও দুষ্টুমি ভরা স্বভাবের কারণে ছোট বয়সেই অসংখ্য ভক্ত তৈরি করেছিলেন। গত বছর তার চোখের অস্ত্রোপচার হয়েছিল।
ওমর শাহর মৃত্যু শুধু তাদের পরিবারকেই নয়; বরং পাকিস্তানসহ সারাবিশ্বে ছড়িয়ে থাকা লাখো ভক্তকেও শোকাভিভূত করেছে।
আর তার ভাই আহমাদ শাহ রাতারাতি খ্যাতি অর্জন করেন তার মিষ্টি কণ্ঠে বলা বিখ্যাত সংলাপ—‘পিছে তো দেখো’র মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও। আর এ খ্যাতির ধারাবাহিকতায় বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ভাইয়ের সাথে ওমরকেও দেখা যেত।
সূত্র : ডেইলি জংগ



