ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলা ছাত্র-আন্দোলনে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৭ জুলাই) তিনি আন্দোলনস্থলে যেতে পারেন।
দলীয় এক শীর্ষ নেতা জানিয়েছেন, দিল্লির এই কর্মসূচিতে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে মমতার।
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লিতে নিট প্রশ্নফাঁস নিয়ে যে আন্দোলন চলছে, তা এখন দেশের অন্যতম বড় ছাত্র-আন্দোলনে পরিণত হয়েছে। অনেক ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। সেই আন্দোলনে মমতার উপস্থিতি রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে সংসদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন ইস্যুতে চাপের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে জাতীয় স্তরের একটি বড় আন্দোলনে অংশ নিয়ে দলের অবস্থান আরো জোরালোভাবে তুলে ধরতে চাইছেন মমতা।
এর আগে, মমতা আন্দোলনকারী ছাত্রদের প্রতি নিজের সমর্থনের কথা জানান। প্রয়োজন হলে নিজে আন্দোলনে যোগ দেবেন বলেও জানান তিনি। সেই ঘোষণার পর থেকেই তার দিল্লি যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাই বাস্তব হতে চলেছে বলে দলীয় সূত্রের দাবি।
নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। পরীক্ষা বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের অবস্থান বিক্ষোভও সেই আন্দোলনেরই অংশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস



