পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র বেলুচিস্তান লিবারেশন আর্মিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করায় গোষ্ঠীটি আর্থিক সহায়তা ও অন্যান্য সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের বেলুচিস্তানে একটি সুড়ঙ্গের কাছে দাঁড়িয়ে আছেন এক পাকিস্তানি সৈন্য
পাকিস্তানের বেলুচিস্তানে একটি সুড়ঙ্গের কাছে দাঁড়িয়ে আছেন এক পাকিস্তানি সৈন্য |সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সংগঠনটি ২০২৪ সালে করাচি বিমানবন্দর ও গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে আত্মঘাতী বোমা হামলা এবং ২০২৫ সালের মার্চ মাসে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন আটকের দায় স্বীকার করেছে। ওই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল এবং ৩০০ জনেরও বেশি যাত্রীকে বন্দী করা হয়েছিল।

পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকের পররাষ্ট্র দফতরের গৃহীত পদক্ষেপ সন্ত্রাসবাদ মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সন্ত্রাসী তকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সমর্থন কমানোর একটি কার্যকর উপায়।’

যুক্তরাষ্ট্র বেলুচিস্তান লিবারেশন আর্মিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করায় গোষ্ঠীটি আর্থিক সহায়তা ও অন্যান্য সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বে। দেশটি প্রথম ২০১৯ সালে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে।

পাকিস্তান ও যুক্তরাজ্যেও একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ভারতকে এই সংগঠনের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।

বেলুচিস্তান ছয় দশকেরও বেশি সময় ধরে সহিংসতায় জর্জরিত। বিচ্ছিন্নতাবাদীরা দাবি করে, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের শেষে এটিকে জোরপূর্বক পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি