ভারতে ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ পার্টি

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চাকরির পরীক্ষা ঘিরে অনিয়মের প্রতিবাদে আন্দোলন করছেন ছাত্ররা। আন্দোলনটিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারপরেই আরো জোরদার হয়েছে আন্দোলন।

নয়া দিগন্ত অনলাইন
ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীরা
ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীরা |সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চাকরির পরীক্ষা ঘিরে অনিয়মের প্রতিবাদে আন্দোলন করছেন ছাত্ররা। আন্দোলনটিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারপরেই আরো জোরদার হয়েছে আন্দোলন।

রোববার (২ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন।

প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো অভিযোগের জেরেই এই আন্দোলনের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের মতে, এসব ঘটনা বারবার তাদের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।

সমর্থকদের উদ্দেশে দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এই আন্দোলনের সূচনা হয়েছিল।

তিনি বলেন, ‘ঠিক এক মাস আগে, অর্থাৎ গত মাসের ২ তারিখে ১৪তম প্রিলিমিনারি টেস্টের (পিটি) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা ৫ জুলাই এই আন্দোলন শুরু করেছিলাম, ৭ জুলাই রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছিল। এরপর ২০ জুলাই আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে প্রমাণ জমা দেই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।’

দেবেন্দ্রনাথ মাহাতো অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সত্ত্বেও সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি যথাযথভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পেশ করা দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণে বার বার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে তাদের এই আন্দোলন।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা করেন, ছাত্রদের দাবি আদায়ের লড়াইয়ে তাদের পাশে থাকবে সিজেপি।

আন্দোলনকে আরো শক্তিশালী করতে যেকোনো ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন দীপকে।

জেপিএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত নয় দিন ধরে রাঁচিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। রোববার আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিলও করেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস