ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গৃহীত, অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা গ্রহণ করেছেন। একইসাথে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ধর্মেন্দ্র প্রধান (বাঁয়ে) ও প্রহ্লাদ জোশী
ধর্মেন্দ্র প্রধান (বাঁয়ে) ও প্রহ্লাদ জোশী |সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র জমা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা গ্রহণ করেছেন। একইসাথে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিদায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

নতুন দায়িত্ব পাওয়া প্রহ্লাদ জোশী বর্তমানে মোদী ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ইতোমধ্যেই ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এখন থেকে বর্তমান দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়েরও অতিরিক্ত কার্যভার পরিচালনা করবেন।

উল্লেখ্য, সম্প্রতি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র প্রধান। সরকারের সাথে আন্দোলনকারীদের আলোচনার পর এই দ্রুত রাজনৈতিক রদবদল ঘটল। নতুন কোনো শিক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রহ্লাদ জোশী এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস