ভারতের মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১৭, উদ্ধার অভিযান চলমান

বুধবার দিবাগত রাতে পূর্ব ভিরার এলাকায় অবস্থিত ওই চারতলা ভবনের পিছনের অংশটি ধসে পড়ে। ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ভবনটির এক অংশ ধসে পড়েছে
ভবনটির এক অংশ ধসে পড়েছে |সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় একটি চারতলা ভবনের এক অংশ ধসে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে, তাদের চিকিৎসা চলছে।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পূর্ব ভিরার এলাকায় অবস্থিত ওই চারতলা ভবনের পিছনের অংশটি নিচের চালে ধসে পড়ে। উদ্ধার অভিযান ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) ডেপুটি কমান্ডার প্রমোদ সিং জানান, মুম্বাই ও পালঘর থেকে এনডিআরএফের দুটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি ফায়ার ব্রিগেড ও স্থানীয় পুলিশসহ জরুরি পরিষেবাগুলো উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সামাজিক যোগযোগমাধ্যম এক্সে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান শেয়ার করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

এদিকে বৃহস্পতিবার ভাসাই ভিরার পুলিশ ধসে পড়া ভবনের নির্মাতা ৫০ বছর বয়সী নীলে সানেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৫২, ৫৩ ও ৫৪ ধারাসহ বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। যা মহারাষ্ট্র আঞ্চলিক শহর পরিকল্পনা আইনের অধীনে অননুমোদিত উন্নয়ন বা জমি ব্যবহারের জন্য শাস্তি সম্পর্কিত।

সূত্র : এনডিটিভি