পাকিস্তানের বরেণ্য আলেম ও শাইখুল হাদিস মাওলানা ইদরিস তরংজাই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৫ মে) সকালে তিনি হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন। এ সময় তার সাথে থাকা দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হন।
মাওলানা ইদরিস তরংজাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-ফজল) নেতা ছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন নিজ বাসা থেকে জামিয়া নুমানিয়ায় (মাদরাসা) হাদীসের দরস দেয়ার উদ্দেশ্যে বের হন মাওলানা ইদরিস। পথিমধ্যে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি শহীদ হন।
এরই মধ্যে তার এই হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিশ। এ উদ্দেশ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট মহল দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
পুলিশ ঘটনাটিকে টার্গেট কিলিং হিসেবে আখ্যা দিয়েছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের মুখপাত্র জানান, সেফ সিটি ক্যামেরার সাহায্যে হামলাকারীদের শনাক্তে অগ্রগতি হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বরেণ্য এই আলেমের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের ঊর্ধ্বতন একাধিক ব্যক্তি। প্রদেশের মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি ঘটনাটির নোটিশ নিয়ে দ্রুত প্রতিবেদন তলব করেছেন।
এদিকে, শহীদ মাওলানা ইদরিসের জানাজায় লাখো মানুষ অংশ নেন এবং শোকের আবহে তার দাফন সম্পন্ন হয়। মাওলানা ইদরিসের দল জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) এই হত্যার প্রতিবাদে তিন দিনের শোক ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সূত্র : সামা টিভি ও ডেইলি জংগ



