ভারতের আসাম রাজ্যে বন্যায় মঙ্গলবার (২৮ জুলাই) আরো সাতজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে।
তবে সাতটি জেলাজুড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে তিন লাখ ৩২ হাজারে দাঁড়িয়েছে। একটি সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বন্যায় মোট ৬২২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল ও জরুরি পরিষেবা এবং বেসামরিক স্বেচ্ছাসেবকসহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
বুলেটিনে বলা হয়েছে, ৪৫ হাজার ৩৪১ দশমিক ৯৮ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে বাড়িঘর, গোয়ালঘর, স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টার (ভারতের বিশেষ স্বাস্থ্যকেন্দ্র) ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে বর্ধিত ক্ষতিপূরণ, নগদ সহায়তা, শিক্ষাগত সহায়তা এবং ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: এনডিটিভি



