গরুর গোশত বহনের সন্দেহে মধ্যপ্রদেশে ২ নারীকে হেনস্তা-গ্রেফতার

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরই একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, এমন পরিস্থিতিতে ওই দুই নারী গোশত খালে ফেলে দেন। পরে পুলিশ তা উদ্ধার করে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়।

নয়া দিগন্ত অনলাইন

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায় গরুর গোশত বহন করার সন্দেহে দুই নারীকে হেনস্তা, অতঃপর গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দেশটির একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, প্রথমে একটি সংগঠনের সদস্যরা ওই নারীদের বাধা দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, রোববার সামান থানা এলাকার লোহি খাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযোগ উঠেছে, মুসকান খান ও সাবরা খান নামে ওই দুই নারী গোশত নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গরুর গোশত সন্দেহে তাদের আটকানোর চেষ্টা করেন ওই সংগঠনের এক সদস্য। এরপর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরই একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, এমন পরিস্থিতিতে ওই দুই নারী গোশত খালে ফেলে দেন। পরে পুলিশ তা উদ্ধার করে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়।

তদন্তকারীদের বক্তব্য, রিপোর্ট হাতে না আসা পর্যন্ত উদ্ধার হওয়া গোশত গরুর কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ইতোমধ্যে দুই নারীকে আটক করে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কাছে গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেয়ার আবেদন জানিয়েছে। প্রশাসনের বক্তব্য, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মামলার প্রকৃত বিষয় স্পষ্ট হবে।