সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় মূল ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ভারতের সিকিমে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে কমপক্ষে ১৩ বার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় মূল ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এই কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। মঙ্গন এলাকায় সাতটি এবং নামচিতে চারটি কম্পন রেকর্ড করা হয়। গ্যাংটকেও ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

পরপর এই কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পর্যটক মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা ও হাওড়াসহ কিছু এলাকায় কয়েক সেকেন্ডের স্থায়ী একটি ভূমিকম্প অনুভূত হয়। কিছুক্ষণের জন্য ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়।

সূত্র: দ্য ওয়াল