ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের একটি অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৮ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড় জেলার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই খনি থেকে এখন পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আরো কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মনীশ কুমার।
তবে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ আশঙ্কা করছে, আরো শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন।
কুমার বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় শুক্রবার পুনরায় অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে।
তিনি খনিটিকে একটি ‘অবৈধ র্যাট-হোল মাইন’ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে শ্রমিকরা চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কয়লা ও অন্যান্য খনিজ উত্তোলন করে থাকেন।
জেলা পুলিশ প্রধান বিকাশ কুমার বলেছেন, ধারণা করা হচ্ছে, ডিনামাইট বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি ‘সমবেদনা’ প্রকাশ করেছেন এবং প্রতিটি পরিবারের জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।
সূত্র: আল জাজিরা



