থাইল্যান্ডে বুধবার (৩০ জুলাই) একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর নিখোঁজদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
দেশটির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ব্যাংককের উত্তরে সুফান বুরি প্রদেশের মুয়াং জেলায় স্থানীয় সময় সকাল ১১টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
প্রাদেশিক জনসংযোগ কার্যালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, ‘বিস্ফোরণের ফলে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’
তদন্তকারীরা ‘বিস্ফোরণের কারণ অনুসন্ধানে’ কাজ করছেন বলে জানায় প্রাদেশিক জনসংযোগ কার্যালয়।
উল্লেখ্য, থাইল্যান্ডে কারখানায় প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। কারখানায় নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে। গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিলেন।
সূত্র : বাসস



