চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১২ আগস্ট) এক ফোনালাপে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে বলেছেন, এই দুইটি দেশ ‘স্বনির্ভরতার’ উদাহরণ সৃষ্টি করতে পারে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি জানিয়েছে, উভয় নেতাই সম্প্রতি তাদের দেশকে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার দৃঢ় রক্ষক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সম্পূর্ণ বিপরীত।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, শি বলেছেন, চীন ‘গ্লোবাল সাউথের প্রধান দেশগুলোর মধ্যে ঐক্য ও আত্মনির্ভরতার উদাহরণ স্থাপনের জন্য ব্রাজিলের সাথে কাজ করবে’ এবং ‘একযোগে আরো ন্যায়সঙ্গত বিশ্ব ও আরো টেকসই গ্রহ গড়ে তুলবে’। তিনি আরো বলেন, ‘সব দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একতরফাবাদ ও সুরক্ষাবাদের দৃঢ় বিরোধিতা করা উচিত।’
ব্রাজিলের প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এই সময় লুলা ও শি ইউক্রন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, উভয়ই বহুপক্ষীয়তা রক্ষায় জি২০ এবং ব্রিক্স-এর ভূমিকার বিষয়ে একমত হয়েছেন। এতে আরো বলা হয়েছে, তারা ‘স্বাস্থ্য, তেল ও গ্যাস, ডিজিটাল অর্থনীতি এবং উপগ্রহের মতো খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
লুলা গত সপ্তাহে মার্কিন শুল্কের প্রতি সমন্বিত প্রতিক্রিয়া বিবেচনা করার জন্য ভারত ও চীনের নেতাদের সাথে কথা বলার পরিকল্পনার ইঙ্গিত দেয়ার পর এই ফোনালাপ হয়।
সূত্র : বাসস



