ফিলিপাইনে টাইফুন কালমেগিতে নিহতের সংখ্যা বেড়ে ৯০

প্রাদেশিক রাজধানী সেবু সিটির মেট্রো এলাকার অংশ লিলোয়ানের প্লাবিত এলাকা থেকে ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ
টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ |সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে নিহতের সংখ্যা বেড়ে বুধবার ৯০ জনে দাঁড়িয়েছে। টাইফুনের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ। সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরে যেতে শুরু করেছে।

সেবু প্রদেশ থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নজিরবিহীন বন্যার পানি নগরগুলোতে ছড়িয়ে পড়েছে। বন্যার পানির স্রোতে গাড়ি, ট্রাক, এমনকি বিশাল শিপিং কন্টেইনারগুলোও ভেসে গেছে।

বুধবার (৫ নভেম্বর) সেবুর মুখপাত্র রোন রামোস জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী সেবু সিটির মেট্রো এলাকার অংশ লিলোয়ানের প্লাবিত এলাকা থেকে ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে। ফলে সেবুতে নিহতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।

এর আগের দিন, জাতীয় বেসামরিক প্রতিরক্ষা উপপ্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো অন্যান্য প্রদেশে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান শহরগুলোর আধুনিক এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। এখনো ২৬ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্যা কমে গেছে। এখন আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের রাস্তা আটকে দেয়া ধ্বংসাবশেষ পরিষ্কার করা।’

টাইফুনের আঘাত থেকে বাঁচাতে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বুধবার সকাল ৮টা পর্যন্ত টাইফুন কালমেগি পশ্চিম দিকে পালাওয়ানের পর্যটন কেন্দ্রের দিকে অগ্রসর হয়। এ সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাস এবং ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল।

সূত্র : বাসস